শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে কাজ করছে বিএনপি সরকার: ইমদাদ হোসেন চৌধুরী
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৮ AM

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে কাজ করছে বিএনপি সরকার: ইমদাদ হোসেন চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৯:৩৮:০২ PM

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে কাজ করছে বিএনপি সরকার: ইমদাদ হোসেন চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগীভাবে গড়ে তুলতে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা হবে যোগ্য, মানবিক, নৈতিকতাবোধসম্পন্ন ও মেধাবী-যারা ভবিষ্যতে বিশ্বদরবারে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’

শুক্রবার রাতে নগরীর চৌকিদেখীস্থ নিজ বাসভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর শিক্ষকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, বিগত সরকার শাবিপ্রবিতে নতুন কোনো বিভাগ চালু করেনি। তবে বর্তমান সরকার মেয়াদের মধ্যেই যুগোপযোগী গুরুত্বপূর্ণ বিভাগ চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে এবং সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। প্রতি বছরই দলটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকে। দেশের প্রতিটি খাতের মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে একটি গণমুখী ও কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই দলের লক্ষ্য।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ এম সারোয়ার উদ্দিন চৌধুরী, উপউপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোহাম্মদ আতিকুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং কৃষিতত্ত্ব (হাওর কৃষি) বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোজাম্মেল হকসহ অন্যান্য শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ