ছবি:সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। তিনি আরও বলেন, বইমেলার মতো আয়োজন তরুণদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক পাঠক-দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল।
উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




