ছবি : সংগৃহীত
সিলেটসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ দিন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এই প্রাকৃতিক পরিস্থিতির কারণে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি দিতে পারে।
জৈন্তা বার্তা/আরআর




