সংগৃহিত
আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বিডব্লিউওটি (BWOT) জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা বা রাতের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় ‘গর্জন’। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বর্তমানে দেশের কিছু অংশে আকাশ মেঘলা থাকলেও অনেক এলাকায় এখনো পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। তবে এই স্বাভাবিক আবহাওয়ার আড়ালেই দ্রুত সক্রিয় হয়ে উঠছে ‘গর্জন’ বৃষ্টিবলয়, যা রাতেই প্রভাব ফেলতে শুরু করতে পারে।
সিলেটের জন্য বিশেষ পূর্বাভাস
সিলেট বিভাগের ওপর এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে আগে ও স্পষ্টভাবে পড়তে পারে। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে।
একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্থানীয়ভাবে কিছুটা ভোগান্তির কারণ হতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এই সময়টায় সিলেট ছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের প্রায় সব এলাকাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে।
সতর্কতা
বৃষ্টিবলয়টি সক্রিয় থাকাকালীন টানা চারদিন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতি থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




