সিলেট মহানগর বাংলাদেশের অন্যতম নিরাপদ শহর: পুলিশ কমিশনার
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ AM

৭ মাসে ৬ হাজার ৩৬৭ আসামি গ্রেপ্তার, সাংবাদিকদের সহযোগিতা কামনা

সিলেট মহানগর বাংলাদেশের অন্যতম নিরাপদ শহর: পুলিশ কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ১২:৩৩:২৮ AM

সিলেট মহানগর বাংলাদেশের অন্যতম নিরাপদ শহর: পুলিশ কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরী বাংলাদেশের অন্যতম নিরাপদ শহর বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক সূচক অনুযায়ীও সিলেট নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থানে রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত ‘সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক’ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা পেয়েছেন। সংবাদকর্মীদের সমাজের “চোখ ও কান” উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র উঠে আসে এবং সে অনুযায়ী পুলিশ তাদের কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, সিলেট মহানগরকে হকারমুক্ত করা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সাংবাদিকরা ইতিবাচক ভূমিকা রেখেছেন। এসব সাফল্যের অংশীদার সাংবাদিকরাও বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হলেও সামগ্রিকভাবে সিলেট একটি নিরাপদ শহর। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক অনলাইন ডাটাবেজ ‘নাম্বিও’র ক্রাইম ও সেফটি ইনডেক্সের তথ্য তুলে ধরেন।

প্রেস ব্রিফিংয়ে গত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে দেখা যায়, এ সময়ে ১৫৭ জন ছিনতাইকারী, ২৪ জন ডাকাত এবং ২৩১ জন চোরসহ মোট ৬ হাজার ৩৬৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে এসএমপি। এ ধরনের অভিযানে ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেস ব্রিফিং শেষে পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

শেষে পুলিশ কমিশনার সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ