সিলেটের বালাগঞ্জে স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বালাগঞ্জ উপজেলা স্কাউটস এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। তিনি বলেন, বর্তমানে সময়ে সকল শিক্ষার্থীকে স্কাউট আন্দোলনে জড়িত করা প্রয়োজন। মাদক, দুর্নীতি, বাল্যবিয়ে বন্ধে স্কাউটদের এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা ও সামাজিক কার্যক্রমে একজন স্কাউট সবসময় তৎপর থাকতে হবে। স্কাউটদের জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই বেশি করে পড়তে হবে আর মোবাইলের ব্যবহার কম করতে হবে।
বালাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্কাউটস এর কমিশনার ও শিক্ষক মো. সামসুল আলম।
বালাগঞ্জ উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. মনির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকিব, বালাগঞ্জ উপজেলা স্কাউটস এর যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক ও শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, শিক্ষক সুধাংশু কুমার রায়, সাহেদা বেগম, নাজনিন নাহার বেগম ও খাদিমুল জান্নাত।
আলোচনার পূর্বে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে স্কাউট পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও র্যালিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। কাব দলের বিজয়ীরা হলো- ১ম অনুরাধা রায়, ২য় অশিতা রায় দিয়া ও ৩য় উর্মি ধর। স্কাউটস দলের বিজয়ীরা হলো- ১ম আকিফা বেগম, ২য় কিয়াম আহমদ ও ৩য় সুমাইয়া বেগম।
জৈন্তা বার্তা/আরআর




