সংগৃহীত
চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের এই ঝড়ে ভুট্টা, বোরো ধান, পান ও আমসহ বিভিন্ন ফসলি মাঠের ব্যাপক ক্ষতি হয়। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় আবাদকৃত মোট ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমির মধ্যে ঝড়ের কবলে পড়েছে বিশাল একটি অংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টার, যার পরিমাণ প্রায় ২৬৩ হেক্টর। ঝড়ের তীব্রতায় অনেক ক্ষেতের ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। এছাড়া ৬০ হেক্টর বোরো ধান, ৪১ হেক্টর কলা এবং ১১ হেক্টর পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানের বরজ ও আমের গুটিও ঝড়ে ঝরে পড়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী জানান, ঝড়ে আক্রান্ত ফসলের তালিকা করা হয়েছে এবং মাঠপর্যায়ে ফলনের প্রকৃত ক্ষতি নিরুপনের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।
জৈন্তাবার্তা/সুলতানা




