সালমান শাহ হ*ত্যা মা*মলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ AM

সালমান শাহ হ*ত্যা মা*মলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৯:২১:৩০ PM

সালমান শাহ হ*ত্যা মা*মলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল

সংগৃহিত


চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ১৪ মে দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার তা জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী।

ঘটনার ২৯ বছর পর, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ আরও কয়েকজনকে।

মামলার এজাহার অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা-মা ও পরিবারের সদস্যরা ঢাকার নিউ ইস্কাটনের বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা জানান, সালমান ঘুমাচ্ছেন। পরে তাঁরা সিলেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের বাবাকে জানান, তাঁর ছেলের অবস্থা খারাপ। দ্রুত বাসায় ফিরে পরিবারের সদস্যরা সালমানকে অচেতন অবস্থায় শোবার ঘরে পড়ে থাকতে দেখেন। তখন কয়েকজন নারী তাঁর হাত-পায়ে তেল মালিশ করছিলেন।

পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তিনি আগেই মারা গেছেন।

দীর্ঘদিন পর নতুন করে দায়ের হওয়া এই মামলার তদন্ত এখনও চলমান, আর তাই বিচারপ্রক্রিয়াও সময়ের সঙ্গে আরও দীর্ঘায়িত হচ্ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ