ছবি:সংগৃহীত
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মির্জা জামাল পাশার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় সংগঠনের কার্যক্রম সচল রাখতে নতুন এই নেতৃত্ব গঠন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী এবং পরিচালনা করেন মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিলেট বিভাগীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মাহবুব।
এ সময় জকিগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও দক্ষিণ সুরমা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মরহুম কমান্ডার মির্জা জামাল পাশার দেশপ্রেম, ত্যাগ ও বীরত্বের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি নবগঠিত কমিটির আহ্বায়ককে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবনিযুক্ত আহ্বায়ক মখলিছুর রহমান তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




