ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি কূপে দেশীয় অস্ত্র ফেলে রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাত প্রায় ৮টার দিকে জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপ থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জনগণ ও সংবাদকর্মীদের সহায়তায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




