ছবি:সংগৃহীত
সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে দুই শতাধিক অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। জেলা পরিষদের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট লাঘব ও স্বাবলম্বী হতে সহায়তা করবে। রাষ্ট্রের উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত উপকারভোগীদের বাছাই করা হয়েছে। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে এই অনুদান বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় অনুদানপ্রাপ্তরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




