ছবি:সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সিলেটে ‘শিবগঞ্জ নুপী লুপ’-এর উদ্যোগে ঐতিহ্যবাহী ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ জগবন্ধু বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, সিলেটের মণিপুরী সম্প্রদায় দেশের সংস্কৃতিতে এক অনন্য সৌন্দর্য যোগ করেছে। তাদের ঐতিহ্য, সৌম্য আচরণ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসনীয়। তিনি বলেন, মণিপুরীদের জীবনধারায় শান্ত সৌন্দর্য ও পরিমিতি লক্ষ্য করা যায়-কথাবার্তা, আচরণ ও পোশাকে থাকে রুচিশীলতার ছাপ। বিশেষ করে মণিপুরী নারীদের হাতে বোনা সূক্ষ্ম নকশার শাড়ি বাংলাদেশের হস্তশিল্পের গর্ব।
তিনি আরও বলেন, মণিপুরীদের উৎসব-অনুষ্ঠান, সংগীত ও ঐতিহ্যবাহী রীতিনীতি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও অর্থবহ। নিজেদের সংস্কৃতি সংরক্ষণে তাদের আন্তরিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জণ সেন বাপ্পু, ওসমানী মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. প্রমোদ রঞ্জন সিংহ, মন্দির কমিটির সভাপতি সুরজিৎ সিংহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মওদুদ, দেশের শীর্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় গৌরব সিংহ গগন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান মোহন এবং সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান।
‘শিবগঞ্জ নুপী লুপ’-এর আহ্বায়ক মিনতি দেবীর সভাপতিত্বে এবং সত্য সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক-সংগঠক রবিকিরণ সিংহ রাজেশ। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি ও ব্যাংকার প্রশান্ত কুমার সিংহ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করেন সংগঠনের সদস্য লৈমাতন দেবী, বাসনা দেবী ও মিত্রামনি দেবী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অসেম ধর্মজিৎ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, প্রদীপ সিংহ, মণিপুরী যুব সমিতির সভাপতি নিহার সিংহ ও সাধারণ সম্পাদক ওয়াই লাড়ু, মহানগর যুবদলের সহ-সভাপতি অসীম কুমার সিংহ বাবলু, কবি-লেখক শেরাম নিরঞ্জন, বামসাসের সাধারণ সম্পাদক নামব্রম শংকর, সমাজসেবী মিন্টু সিংহ, মাইবম রাসেল, বাবলু সিংহসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সিলেটের সুনামধন্য মাহা ফ্যাশন হাউজের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজক কমিটিকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




