ছবি:সংগৃহীত
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) এসএমপি’র মিডিয়া সেল সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নিরস্ত্র) মো. আনোয়ারুল কামাল সঙ্গীয় ফোর্সসহ রশিদপুর পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি হলুদ-নীল রঙের কাভার্ডভ্যান থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ৬২টি প্লাস্টিকের বস্তায় মোট ২ হাজার ৪৮০ কেজি ভারতীয় অবৈধ ফুসকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা। এ সময় ফুসকা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২২-৫১৫১) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-দিনাজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার মো. সোহেল রানা (৩০) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার আইনাকান্দি এলাকার তৈয়বুর রহমান (২৪)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ এর ২৫বি (১)(বি) ও ২৫ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




