সাহিত্য-সংস্কৃতির প্রসারে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ AM

‘পাঠশালা’ আয়োজিত ‘পাঠশালায় বৈশাখ ১৪৩৩’

সাহিত্য-সংস্কৃতির প্রসারে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ১১:২৮:৪৮ PM

সাহিত্য-সংস্কৃতির প্রসারে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশে সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে। সিলেটের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরের শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘পাঠশালা’ আয়োজিত ‘পাঠশালায় বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বিস্তৃত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। নতুন প্রজন্মকে এই ধারায় সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

‘পাঠশালা’র কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি শিশুদের মেধা বিকাশ ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘পাঠশালা শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করছে এবং তাদের সংস্কৃতিমনা করে গড়ে তুলছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে,’-যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শিশুদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে পাঠশালার মতো অন্যান্য সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে এবং অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুমনকুমার দাশ শিশুদের পরোপকারী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান। তিনি চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবক জিয়াউল হকের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত শিক্ষাজীবন থাকা সত্ত্বেও তিনি দুধ-দই বিক্রির অর্থ দিয়ে বই কিনে মানুষের মাঝে বিতরণ করেছেন-যা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

‘পাঠশালা’র পরিচালক নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের কর্মী, শিশু ও কিশোররা অংশ নেয়। নাটক, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ