ছবি:সংগৃহীত
আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ও নেপাল একযোগে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা তুলে ধরেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
শিল্পমন্ত্রী বলেন, দ্রুত শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশ ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তিনি নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, যৌথ উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং উভয় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পারস্পরিক অর্থনৈতিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, এম এ কামাল বিল্লাহ এবং নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লালিটা সিলওয়ালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




