সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃ*ত্যু
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ০২:১৪:১৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে মোট ১১ শিশুর মৃত্যু হলো।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম।

মারা যাওয়া দুই শিশু হলো— সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের জামিল আহমদের ৯ মাস বয়সী ছেলে তাহা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ মাস বয়সী শিশু তানজিল ইসলাম।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কোনো ল্যাব-কনফার্মড হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ল্যাব-কনফার্মড হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জন। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেটে ২৬ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে সর্বোচ্চ ৩৭ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন এবং দিরাই, জামালগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগজুড়ে সন্দেহজনক হাম রোগে মোট ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ১০ জন এবং নিশ্চিত হাম রোগে ১ জনের মৃত্যু হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর