ছবি:সংগৃহীত
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাত-বিশেষ করে সৌর ও জলবিদ্যুৎ উৎপাদনে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে গুরুত্বসহকারে কথা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় ৫৯ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও পারস্পরিক বাণিজ্যের পরিমাণ মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা সম্ভাবনার তুলনায় অত্যন্ত কম। এ অবস্থায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি।
তিনি আরও বলেন, কার্যকর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলে আঞ্চলিক সম্ভাবনাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় স্বল্প দূরত্বে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন উভয় দেশের জন্য লাভজনক হতে পারে।
ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভুটানের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ এবং তা আরও সম্প্রসারণে তাদের আগ্রহ রয়েছে। তিনি উল্লেখ করেন, বুড়িমারি সীমান্ত থেকে ভুটানের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা অনেক বেশি।
রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভুটানের শিক্ষার্থীরা অধ্যয়ন করে দেশে ফিরে সেবায় নিয়োজিত হচ্ছেন, যা দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করছে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ভুটানের মিনিস্টার কাউন্সিলর (ট্রেড) দাওয়া শেরিং উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




