সংগৃহীত
বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে এবং আগাম বন্যার শঙ্কার মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওর ও নিচু এলাকায় বোরো ধান কাটা ও মাড়াই চরম ঝুঁকির মুখে পড়েছে। কৃষকেরা পাকা ও আধা-পাকা ধান রক্ষায় রাতদিন ব্যস্ত সময় পার করছেন। টানা ভারী বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিসহ উজানে প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে নদনদীর পানি বাড়ছে। এতে হাওরের নিচু এলাকা তলিয়ে যাওয়ার বা আগাম বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) ঝুঁকি তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা ও মাড়াই কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক কৃষক আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন, কারণ বন্যা এসে পুরো ফসল নষ্ট করে ফেলার ভয় রয়েছে। অনেক হাওরের বিলে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বন্যার ভয়ে সবাই একসাথে ধান কাটা শুরু করায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এছাড়া, সময় স্বল্পতার কারণে দ্রুত ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।
উপজেলা কৃষি অফিস থেকে দ্রুততম সময়ে অন্তত ৮০% পেকে যাওয়া ধান কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্য মতে হাওরে সাড়ে চার হাজার হেক্টর আবাদ করা বোরোধানের এপর্যন্ত ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে। এদিকে কৃষকেরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ এই বোরো ধানই তাঁদের সারা বছরের উপার্জনের মূল উৎস।
জৈন্তাবার্তা/সুলতানা




