ঢোল-বাদ্য বাজিয়ে নেচেগেয়ে মাজারের ভেতরে প্রবেশ করা যাবে না
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২৬ PM

ওরসে নতুন নির্দেশনা এসএমপি কমিশনারের

ঢোল-বাদ্য বাজিয়ে নেচেগেয়ে মাজারের ভেতরে প্রবেশ করা যাবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৭:৪৯:০৫ PM

ঢোল-বাদ্য বাজিয়ে নেচেগেয়ে মাজারের ভেতরে প্রবেশ করা যাবে না

সংগৃহিত


সিলেটে হযরত শাহজালাল (র.)–এর ৭০৭তম ওরসকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ওরসকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে নতুন কিছু নির্দেশনা দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুস চৌধুরী।

সোমবার বিকেলে মাজার এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, গিলাফ বহনের সময় ঢোল-বাদ্য বাজিয়ে নেচেগেয়ে মাজারের ভেতরে প্রবেশ করা যাবে না। নাইওরপুল পয়েন্ট থেকে ভক্তরা বাদ্যযন্ত্রসহ আসতে পারলেও মাজারের প্রধান ফটকের আগে, নূরজাহান হোটেলের সামনে এসব কার্যক্রম শেষ করতে হবে। এরপর অল্পসংখ্যক লোক গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করবেন। এতে শৃঙ্খলা বজায় থাকবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

তিনি আরও জানান, ওরস উপলক্ষে আগতদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রেখে এমসি কলেজ মাঠ ও শাহী ঈদগাহ এলাকায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এতে যানজট কমবে এবং ভক্তদের যাতায়াত সহজ হবে।

ওরসকে কেন্দ্র করে কেউ যাতে গাঁজা বা অন্য কোনো মাদক নিয়ে না আসে, সে বিষয়েও সতর্ক করেন পুলিশ কমিশনার। এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ