ছবি:সংগৃহীত
হাওরাঞ্চলে বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ নিয়ে যখন দেশজুড়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
ভিডিওটিতে দেখা যায়, কোমরসমান পানিতে দাঁড়িয়ে একজন ব্যক্তি ধান কাটছেন এবং কাজের ফাঁকে ভাত খাচ্ছেন। ঝড়-বৃষ্টির মধ্যে কৃষকের সংগ্রামের চিত্র হিসেবে ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও প্রোফাইলে ব্যাপকভাবে শেয়ার করা হয়। আবেগঘন নানা ক্যাপশনে পোস্ট করা ভিডিওগুলো লাখ লাখবার দেখা হয়েছে এবং হাজার হাজার প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার পেয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির বাস্তবতা নিয়ে প্রশ্ন রয়েছে। ‘MD Liton Mia’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ মে প্রথম ভিডিওটি পোস্ট করা হয়। পরবর্তীতে সেটি বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে।
প্রোফাইলটি পর্যালোচনায় জানা যায়, লিটন মিয়া একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সালদিকা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল জানান, লিটন মিয়া নিয়মিত টিকটক ও ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করেন। তিনি বাস্তবে ধান কাটছিলেন-এমন তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি। ধারণা করা হচ্ছে, ভিডিওটি কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ধারণ করা হয়ে থাকতে পারে।
লিটন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, পানিতে দাঁড়িয়ে কৃষকের ভাত খাওয়ার বাস্তব দৃশ্য হিসেবে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং এটি প্রকৃত ঘটনার প্রতিফলন নয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




