বার্মিংহাম সিটি কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত ওসমানী নগরের রাশেদা বেগম
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২৭ PM

বার্মিংহাম সিটি কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত ওসমানী নগরের রাশেদা বেগম

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৮:৩০:০৩ PM

বার্মিংহাম সিটি কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত ওসমানী নগরের   রাশেদা বেগম

সংগৃহিত


যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতি সন্তান রাশেদা বেগম। তিনি ৭ মে ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে বার্মিংহামের নিউ টাউন ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করেন।

নির্বাচনে রাশেদা বেগম ৮৮৬ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির প্রার্থী হান্নাহ মোহাম্মদ পান ৩৪৮ ভোট এবং লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী রাশিয়া খাতুন পান ৩৭০ ভোট। অন্যান্য প্রার্থীরা তুলনামূলক কম ভোট পান।

রাশেদা বেগম ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জীতু মিয়ার বড় মেয়ে। তিনি উমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ফারুক মিয়ার ভাতিজি। এছাড়া খুজগীপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুর রউফ মাস্টারের ছেলে রুমানের সহধর্মিণী।

তার এই বিজয়ে ওসমানীনগর ও উমরপুর ইউনিয়নজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন রাশেদা বেগম। সামাজিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন।

নিউ টাউন ওয়ার্ডটি এশিয়ান অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সেখানে দীর্ঘদিন ধরেই লেবার পার্টির শক্ত অবস্থান রয়েছে। এবারের নির্বাচনেও রাশেদা বেগমের বিজয় সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য, এবারের বার্মিংহাম সিটি কাউন্সিল নির্বাচনে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে কাউন্সিল বর্তমানে 'নো ওভারঅল কন্ট্রোল' অবস্থায় রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ