গত বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলার ১ জন এবং ওসমানীনগর উপজেলার ১ জন মেয়র নির্বাচিত হয়েছেন।
লেবার পার্টির হয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কৃতী সন্তান লুৎফুর রহমান। তিনি এ নিয়ে পরপর ৪ বার মেয়র নির্বাচিত হলেন।
অন্যদিকে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ননের ফরহাদ হোসেন লেবার পার্টির হয়ে প্রথমবারের মতো নিউহাম সিটির মেয়র নির্বাচিত হয়েছেন।
লুৎফুর রহমান ও ফরহাদ হোসেনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল। পৃথক বার্তায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আব্দুল জলিল, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় সামাজিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত এনজিও নিরাপদ এর নির্বাহী পরিচালক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন এবং বালাগঞ্জ প্রেসক্লাব ও ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/আরআর




