সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ PM

সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৩:০৬:১৭ PM

সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী


রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিন সংকট রয়েছে। এটা সমাধানে কাজ করবে সরকার। সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে। 

শনিবার (৯ মে) দুপুরে সিলেট রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেল প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দেবে। এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। 

তিনি বলেন, দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রেলের সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ সেবা চালু করা দরকার। সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে শনিবার ভোরে রেলযোগে সিলেটে আসেন প্রতিমন্ত্রী। এসেই হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান( রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পদিনব্যাপী সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচি শেষে রাতে রেলযোগে ঢাকা ফিরে যাবেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর