গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ২২ হাজার টাকা জরিমানা
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৫ AM

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ২২ হাজার টাকা জরিমানা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১০:১৯:৪৯ PM

গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযান  ২২ হাজার টাকা জরিমানা

সংগৃহিত


সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিলেট জেলার বিভিন্ন থানায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম এবং অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম। এসময় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি ট্রাফিক বিভাগের সদস্যরাও অংশ নেন।

অভিযানে ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুকান্ত হিরাসহ অন্যান্য সদস্যরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়গুলো যাচাই করেন। সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় কয়েকটি যানবাহনের কাগজপত্রে অসঙ্গতি পাওয়া গেলে চারটি পৃথক মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়কে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা অনেকটাই কমে যাবে।




জৈন্তা বার্তা / ওয়াদুদ