ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও-কালিকাপুর গ্রামে মাদকবিরোধী সংগঠনের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় যুবক ও সংগঠনের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামের যুব সমাজের উদ্যোগে ‘নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংঘ’ নামে একটি মাদকবিরোধী সংগঠন গঠিত হয়। সংগঠনটি মাদকবিরোধী সমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, মাদকসেবীদের আড্ডাস্থল উচ্ছেদ এবং মাদক বিক্রি বন্ধে কাজ করে আসছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১২ জুন) সকালে সংগঠনের সদস্য শিমুল (১৯), নাহিদ (২০) ও সায়মন (২৫) একা পেয়ে একই গ্রামের নুরুল হক বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার খবর ছড়িয়ে পড়লে সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ চলাকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নুরুল হকের একটি কথিত মাদকসেবীদের আড্ডাস্থল উচ্ছেদ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংগঠনের সভাপতি জাবেদ মিয়া বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কার্যক্রমের কারণেই আমাদের সদস্যদের ওপর হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। পুলিশকে জানালেও অনেক সময় যথাযথ সহযোগিতা পাওয়া যায় না।’
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট সাজেদুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে কাজ করায় যুবকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি প্রয়োজন। একই সঙ্গে মাদক নির্মূলে পুলিশের আরও সক্রিয় ভূমিকা জরুরি।’
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ সবসময় সহযোগিতা করে আসছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




