ছবি:সংগৃহীত
‘এসো ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, সুন্দর জৈন্তাপুর গড়ি- এই প্রত্যয়কে সামনে রেখে জৈন্তাপুরের সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় জৈন্তাপুর জৈন্তেশ্বরী ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে জৈন্তাপুরের সচেতন নাগরিক সমাজ। সভায় সভাপতিত্ব করেন মুফতি সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদকর্মী হাসান মোহাম্মদ বদরুল।
সভায় বক্তব্য রাখেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, মাওলানা বদরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রকিব ও মোদাচ্ছির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবী শফিকুল ইসলাম, ব্যবসায়ী হেলাল আহমেদ, রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল ইসলাম, যুবদল নেতা আবুল হাসনাত, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন এবং জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংবাদকর্মী মীর শোয়েব আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, মুরাদ হাসান,বিলালুর রহমান সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।
মাদকের ভয়াল থাবায় তরুণ সমাজ বিপথগামী হয়ে পড়ছে, বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, পারিবারিক সহিংসতা ও নানা সামাজিক অপরাধ। ফলে সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ মারাত্মক হুমকির মুখে পড়ছে।
তারা বলেন, মাদকমুক্ত জৈন্তাপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি আলেম-উলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘আজ যদি আমরা নীরব থাকি, তাহলে আগামী প্রজন্মকে একটি ভয়াবহ সংকটের মুখোমুখি হতে হবে। তাই এখনই সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। যুব সমাজকে নেতৃত্ব দিয়ে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি করতে হবে।’
সভায় স্থানীয় আলেম-উলামা, যুবক, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে জৈন্তাপুরকে মাদকমুক্ত করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ, গণসচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি আগামী বুধবার বৃহৎ পরিসরে মাদক বিরোধী সমাবেশের ডাক দেয়া হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




