ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করতে সিলেট সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সমন্বিতভাবে কাজ করবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি খেলার মাঠের উন্নয়ন এবং ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার প্রসারেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগর ভবনে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় বিভিন্ন ক্রীড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিসিবিতে সিলেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। সিলেটের ক্রীড়াপ্রেমী মানুষ, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, ‘বিশ্বমানের ক্রিকেটার তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে গড়ে তুলতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার বিকল্প নেই। সিলেটের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করব।’
অনুষ্ঠানে জেলা দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক রেজাউল করিম নাচনের সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার হাজী মিলাদ আহমদ, সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলী ওয়াসিকুজ্জামান অণি, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, জাতীয়তাবাদী ক্রীড়া দল সিলেটের সদস্যসচিব ও বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন পান্না, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর শাখার সভাপতি মামুন আহমদ, সাধারণ সম্পাদক একরাম আহমেদ, জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাছুম আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ইবনে জাহান তানভীরসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী ক্রীড়া দল সিলেট জেলা শাখা, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, সিলেট ডিজঅ্যাবিলিটি স্পোর্টস ফাউন্ডেশন, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমি, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, সিলেট ট্রিপল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ইগো ক্রিকেটার্স ফাউন্ডেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সিলেটের বিভিন্ন ক্রীড়া সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




