ছবি:সংগৃহীত
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) দাবি করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মামুনুল হক একসঙ্গে আন্দোলনে নামলে এক সপ্তাহের মধ্যেই সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণহত্যার বিচার, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্ণেল অলি বলেন, এই তিন নেতা ঐক্যবদ্ধ হলে যেকোনো সময় ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ করা সম্ভব। একই সঙ্গে টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করা যেতে পারে। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষের মনোভাব অনুধাবন করে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্যের প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়। ১১-দলীয় জোট এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সব মানুষের প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান।
বর্তমান সরকারের সমালোচনা করে এলডিপি সভাপতি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির অবসান ঘটেনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। তাঁর অভিযোগ, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের রক্ষা করছে।
তিনি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে আন্দোলনের দাবিতে ‘এক দফা, এক দাবি-এই সরকার কবে যাবি’ স্লোগানই সামনে চলে আসতে পারে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




