বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ AM

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১০:৫৯:৫২ PM

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান

ছবি:সংগৃহীত


বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোম্পানিটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পুনর্গঠিত পর্ষদে মোট নয়জন পরিচালক থাকছেন। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের উদ্যোক্তা পক্ষ থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদাধিকারবলে পরিচালক হিসেবে থাকবেন। নতুন কাঠামোয় প্রথমবারের মতো কোম্পানির এমডিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উদ্যোক্তা পক্ষের তিন পরিচালক হলেন আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া চিঠিতে জানানো হয়েছিল, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে যেতে সম্মত হয়েছেন। তাঁর কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে-এমন পরিস্থিতি এড়াতেই তিনি পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল।

সালমান এফ রহমান ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা ও তদন্তও চলছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের সমর্থন ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন কাঠামোয় উদ্যোক্তা পক্ষের প্রতিনিধিত্ব কমার পাশাপাশি স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আর্থিক কার্যক্রমও সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে কোম্পানিটি ৭০৪ কোটি টাকা নিট মুনাফা করেছে বলে সর্বশেষ আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে কোম্পানিটির আয় বেড়ে ৪ হাজার ১৪২ কোটি টাকায় দাঁড়িয়েছে।

পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন এসেছে। নতুন পর্ষদ এখন কোম্পানির ব্যবসা, করপোরেট পরিচালনা ও শেয়ারধারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ