ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সিলেটকে ‘স্মার্ট ও সবুজ জ্বালানির নগর’ হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সিসিক প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
পরিবেশবাদী সংগঠন আইডিয়া, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) সিলেট, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সময়ের দাবি। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রীছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, সরকারি ভবনের ছাদ, জলাশয়, অকৃষি খাসজমি ও অন্যান্য জনসেবামূলক স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন বাড়বে, অন্যদিকে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির মাধ্যমে সিটি কর্পোরেশনের নতুন আয়ের উৎস সৃষ্টি হবে।
তারা আরও বলেন, সিটি কর্পোরেশনের অধীন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও প্রশাসনিক ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করলে বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান নিজেদের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক মডেল গড়ে তুলতে সক্ষম হবে।
বক্তাদের মতে, দেশে চালু থাকা নেট মিটারিং সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়ন সহজ হবে।
মানববন্ধন থেকে বক্তারা সিলেট সিটি কর্পোরেশনকে দ্রুত একটি সমন্বিত ‘সোলার সিটি কর্মপরিকল্পনা’ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি পর্যায়ক্রমে সিসিকের আওতাধীন সব সরকারি স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোকে সৌরবিদ্যুতের আওতায় এনে সিলেটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানিনির্ভর নগর হিসেবে গড়ে তোলার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সমীক শফিক জাহান, সোলার সলিউশনসের স্বত্বাধিকারী ফাহিম মাহমুদ ফারুক, পাসকেপের নির্বাহী পরিচালক গীরাঙ্গা পাত্র, আইডিয়া প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ এবং ক্যাম্পেইন অ্যাসোসিয়েট নোমান খানসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




