সংগৃহীত
জুলাই পদযাত্রার অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুর ২টায় এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখা।
সভায় সভাপতিত্ব করেন শাবিপ্রবি শাখার আহ্বায়ক রাশিদ আবর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, এমপি। প্রধান আলোচক ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরুদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জনাব জাহিদ আহসান।
বক্তব্যে জাহিদ আহসান বলেন, "দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ছাত্রসংসদ নির্বাচন দিতে হবে। কোনো ক্যাম্পাস কখনো কোনো দলের মর্জিতে চলতে পারে না। ক্যাম্পাস চলবে তার নিজস্ব স্বতন্ত্র নিয়মে। যে সরকারই আসুক, যে দলই ক্ষমতায় আসুক, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।"তিনি বলেন, "আমরা দেখেছি, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারদলীয় শিক্ষকসহ ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে।"
জাহিদ আহসান আরও বলেন, "আপনারা জানেন, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে বক্তব্য দেওয়ার সময়ই ট্রেজারারের অব্যাহতির নির্দেশ আসে। এখন এমন একটি সময় যাচ্ছে, কে কখন অব্যাহতি পাবে, তা সে নিজেও অনুমান করতে পারে না। যাকে ইচ্ছা তাকে অব্যাহতি দিয়ে সরকারদল-সমর্থিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ যেন ওহীর মাধ্যমে অব্যাহতির নির্দেশ আসে। এ ধরনের 'ওহীর মাধ্যমে' অব্যাহতির সংস্কৃতি বন্ধ করতে হবে।"
জৈন্তাবার্তা/ সুলতানা




