ছবি:সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খোজখালু-শাহসিকন্দর মৌজায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা (গোপাট) দখলমুক্ত না করে কবরস্থান ও ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩১ জুলাই) শাহসিকন্দর এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকারি রেকর্ডে থাকা রাস্তা পুনরুদ্ধার না করে বিকল্প হিসেবে কবরস্থান ও প্রবাসীদের মালিকানাধীন জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা বলেন, খোজখালু-শাহসিকন্দর মৌজায় সরকারি রেকর্ড অনুযায়ী ২৬ শতক গোপাট (রাস্তা) এবং ১৪ শতক কবরস্থান রয়েছে। তাঁদের অভিযোগ, সরকারি রাস্তার একটি অংশ দীর্ঘদিন ধরে দখলে থাকলেও সেটি উদ্ধার না করে নতুন সড়কের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে কবরস্থান ও ব্যক্তিমালিকানাধীন জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বক্তাদের দাবি, এ বিষয়ে গত দুই বছরেরও বেশি সময় ধরে উপজেলা প্রশাসন, ভূমি অফিস, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ভূমি জরিপও সম্পন্ন হয়েছে। তবে এখনো সরকারি রাস্তা দখলমুক্ত হয়নি এবং বিরোধের স্থায়ী সমাধানও হয়নি।
এলাকাবাসীর পক্ষে আরিফুল হক চৌধুরী বলেন, স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। পরে উপজেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। ভূমি জরিপে সরকারি রেকর্ড অনুযায়ী রাস্তার অবস্থান চিহ্নিত করা হলেও তা এখনো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি বলে তিনি দাবি করেন।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, সরকারি রাস্তা দখলমুক্ত না করেই কবরস্থান ও ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চলছে। এতে কয়েকটি পরিবারের বসতভিটা, কৃষিজমি, পুকুরপাড় এবং প্রবাসী মালিকদের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে বলেও মানববন্ধনে জানানো হয়। এলাকাবাসীর দাবি, নিম্ন আদালতের পর উচ্চ আদালতেও বিষয়টি নিয়ে আদেশ হয়েছে এবং বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখলমুক্ত করে মূল পথেই সড়ক নির্মাণ এবং আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে কবরস্থান ও ব্যক্তিমালিকানাধীন জমির ওপর কোনো ধরনের নির্মাণকাজ না করার দাবি জানান।
এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মবশ্বির আহমদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




