সংগৃহিত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং সিলেট-জাফলং রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ আগামী এক মাসের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি লাভ করবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে মন্ত্রী সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন। পরে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেললাইন রুট সরেজমিনে পরিদর্শন এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেন।
জাফলংয়ের পাথর কোয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, উচ্চ আদালতে চলমান আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে কোয়ারিগুলো বন্ধ রয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং জটিলতা অনেকটাই নিরসনের পথে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পরিবেশ ও প্রচলিত নীতিমালা অনুসরণ করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, সিলেট-জাফলং রেললাইন নির্মিত হলে এ অঞ্চলের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পর্যটননির্ভর অর্থনীতির বিকাশের পাশাপাশি স্থানীয় শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।
প্রবাসী কর্মসংস্থান বিষয়ে তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের এক কোটি মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে কর্মসংস্থানের আওতায় আনা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে গোয়াইনঘাট উপজেলায় দুটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে স্থানীয় যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সরকারি ব্যবস্থাপনায় ও দালালমুক্ত প্রক্রিয়ায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় প্রতিনিধিদল সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেললাইন রুট, প্রকল্প বাস্তবায়নের কারিগরি বিষয় এবং অবকাঠামোগত সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




