বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ PM

জায়গা পরিদর্শনে এমপি এমরান

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৮/২০২৬ ০৯:৫৩:৪৬ PM

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে ১০০ শয্যার নতুন ভবন

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের বিপুল জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি। নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি হাসপাতালের জনবল সংকট দূর করতে উদ্যোগ নেওয়া হবে। উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সহজেই চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. কাদির এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমেদ ফয়সালসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ