চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮ বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসভা ও দোয়া মাহফিল করেছে গোলাপগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদল।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাপগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না এবং যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জুবেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক সাগর আহমদ মনসুর। স্বাগত বক্তব্য দেন গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি আলমগীর বখত চৌধুরী সোয়েব, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল এবং যুগ্ম সম্পাদক এস. এম. পলাশ ও আবুল কালাম খোকন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশের জন্য গোলাপগঞ্জের এই ৮ বীর শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে তাঁদের আত্মদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অন্যান্য বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তাঁরা।
সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের ৮ শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ, এম এ কাদির ও রাজু আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, বাদল আহমদ, শাহ আলম ও জুয়েল আহমদ ধলাই, সদস্য শেখ বদরুল আলম, আখতার হোসেন, আজহারুল ইসলাম সাকেল, মুজিবুর রহমান ও আব্দুল আলিম, উপজেলা যুবদল নেতা সোহেল আহমদ, কায়েদ আহমদ, রফি আহমদ, শিপন আহমদ, লায়েক আহমদ, সুলেমান আলী, জুবের আহমদ ও জুনেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন উল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া শাহজাহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদসহ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভাটি শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।
জৈন্তাবার্তা/আরআর




