জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ PM

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জে বিজয় র‌্যালি ও সমাবেশ

জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ০৮:৩০:৪৫ PM

জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি

ছবি:সংগৃহীত


সাবেক সংসদ সদস্য ও সিলেট-৬ আসনের বিএনপি নেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘জুলাই নিয়ে আপনারা ব্যবসা করবেন না। জুলাই কোনো বেয়াদবতন্ত্রকে জন্ম দেয়নি।’ তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনের ইতিহাসকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহতদের সম্মানে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভাপতিত্ব করেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আবুল মালিক, জেলা পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের শামীম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালোয়ার মোর্শেদ শামীম। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরাও অনুভূতি ব্যক্ত করেন।

বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের আত্মত্যাগ ও অর্জনকে সম্মান জানাতে হলে এর ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, জুলাই কোনো বিভাজনের নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। তাই আন্দোলনের চেতনাকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার না করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় নিজের প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে অমলিন। আন্দোলনের দিনগুলোতে সাধারণ মানুষের সাহস, আত্মত্যাগ এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও তিনি উল্লেখ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জে  বিজয় র‌্যালি ও  সমাবেশ

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  ‘২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। এ দিনটি স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য বিজয়ের দিন। জনগণ প্রতি বছর ৫ আগস্টকে স্বাধীনভাবে বিজয়ের চেতনায় স্মরণ করবে।’

এমরান আহমদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী ও পেশাজীবী-ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন থেকে কেউ রেহাই পাননি। শত শত মানুষ হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে আজীবনের জন্য অন্ধ হয়ে গেছেন।”

তিনি আরও বলেন, `আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবে। আজ এবং আগামীর প্রতিটি ৫ আগস্ট গণতন্ত্র, সুশাসন ও মানবিক রাষ্ট্র গঠনের নতুন অঙ্গীকারের দিন হয়ে উঠুক। সেই লক্ষ্য অর্জনে বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সমর্থন ও সহযোগিতা কামনা করছে।'

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া শাহিন, সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর, সহ-শ্রমবিষয়ক সম্পাদক রুহেল আহমদ, সহ-শিল্পবিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপির নেতা রেজাউল করিম নাচন, যুবদলের যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা জাসাসের সাবেক সদস্যসচিব জহির হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জিলাল, প্রয়াত সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দ আদিবা হুসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে একটি বিজয় র‌্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: