গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৯ AM

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০৫:২৫:১৬ PM

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

সংগৃহীত


গোলাপগঞ্জের বাঘায় দক্ষিণ বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক শিক্ষাবৃত্তি অর্জনকারী ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সাফাত আহমদ, অর্পন পাল ও মাইশা জান্নাত এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মুর্শিদা ইসলাম নীহা, তাহমিদা বেগম, মাহিয়া জান্নাত উমামা ও ঐশী বিশ্বাসের হাতে সংবর্ধনা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।একইসাথে দুই যুগেরও বেশি সময় ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ হায়াত আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

পাশাপাশি শতবর্ষেরও অধিক সময় পূর্বে (১৯১৮ সালে) বিদ্যালয়ের জন্য ভূমি দানের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত শ্রী চূঁড়া মণি নমঃ-এর পরিবারের সদস্যদেরও সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ গৌরবোজ্জ্বল সাফল্য উদযাপন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোবায়ের আহমদ বলেন, এলাকার যুবসমাজ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হলে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে অর্জিত এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত আশরাফুল আলম বলেন, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও উদ্যম থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াত আহমদ বলেন, শিক্ষার্থীরা বড় হয়ে ডাক্তার, প্রকৌশলী বা প্রশাসনের উচ্চপদে অধিষ্ঠিত হোক, সেটি অবশ্যই আনন্দের। তবে সবার আগে দেশাত্মবোধ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের এ অর্জনে সহযোগিতাকারী সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান শিক্ষক হায়াত আহমদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী তাওহীদুর রহমান শাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আহাদুর রহমান কামরুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি (অভিভাবক সদস্য) সাফিয়া বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. হাফিজ খলিল আহমদ, ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড) বাহা উদ্দিন, পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, সহকারী শিক্ষক রেখা রাণী পাল, সহকারী শিক্ষক জসীম উদ্দিন, সমাজসেবী সেনাম উদ্দিন, বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য শিখিল বিশ্বাস, শিক্ষানুরাগী জেবুল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাবেক শিক্ষার্থী।

জৈন্তাবার্তা/ সুলতানা