আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ PM

আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৭:১০:০০ PM

আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা সময়ের সঙ্গে পরিবর্তিত ও সমৃদ্ধ হচ্ছে। রাষ্ট্রের রাজস্ব আহরণে কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ করদাতাদের হয়রানিমুক্তভাবে সঠিক কর প্রদানে উৎসাহিত করা এবং রাষ্ট্রের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করতে কর আইনজীবীদের পেশাগত দক্ষতা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আইনজীবীদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৭ আগস্ট) নগরীর মেন্দিবাগস্থ হোটেল গার্ডেন ইন-এ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী মো. আবুল ফজল।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আয়কর আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এফসিএ স্নেহাশীষ বড়ুয়া।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, প্রথম যুগ্ম সম্পাদক আয়কর আইনজীবী মো. খায়রুল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আয়কর আইনজীবী সৈয়দ রহিম উদ্দিন মকবুল এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস।

বক্তারা প্রশিক্ষণার্থীদের কর্মশালার প্রতিটি সেশনে মনোযোগসহকারে অংশগ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ