ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। এদিকে পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে একে একে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৪ জন এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ আগস্ট) পৃথক শোকবার্তায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ওসমানীনগরের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংবাদ অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
একই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি। এক যৌথ শোকবার্তায় তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
পুলিশ জানায়, নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে একে একে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হন।
বর্তমানে আহতদের মধ্যে ১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে একটি বাস বিপরীত লেনে উঠে পড়লে এই ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




