রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ PM

রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০৮:৫১:৫৭ PM

রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেটে ফুটবল খেলাকে কেন্দ্র করে কাজিরবাজার ব্রিজে ছুরিকাঘাতে নিহত কিশোর রিফাত আহমদের (১৫) শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট মহানগরের খাসদবির এলাকায় রিফাতদের বাসায় গিয়ে তার মা-বাবা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এমপি এমরান আহমদ চৌধুরী।

এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং রিফাত হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির আহমদের সঙ্গে কথা বলেন তিনি।

নিহত রিফাতের বাবা-মাকে আশ্বস্ত করে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমি সবসময় এ পরিবারের পাশে আছি। রিফাত হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে যা প্রয়োজন, সবটুকু করব।’

তিনি বলেন, একটি কিশোরের এভাবে অকালে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ জুলাই সন্ধ্যায় দক্ষিণ সুরমার ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে ফেরার পথে নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় রিফাত আহমদ (১৫)।

রিফাত সিলেট মহানগরের খাসদবির এলাকার দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন বন্ধন জি-৩ বাসার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে। সে দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তাদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ