ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের কাছ থেকেও দুর্ঘটনা ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সিসিক প্রশাসক চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসাধীনদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করছি। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা যাবে না। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যারা স্বজন হারিয়েছেন, তাদের এই শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’
সিসিক প্রশাসক আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পরে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




