‘উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ঘু*ষ, দু*র্নীতি ও বৈ*ষম্যের বি*রুদ্ধে ল*ড়াই করতে হবে’
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ PM

লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

‘উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ঘু*ষ, দু*র্নীতি ও বৈ*ষম্যের বি*রুদ্ধে ল*ড়াই করতে হবে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৮/২০২৬ ০৯:৫১:৩৩ PM

‘উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ঘু*ষ, দু*র্নীতি ও বৈ*ষম্যের বি*রুদ্ধে ল*ড়াই করতে হবে’

ছবি:সংগৃহীত


উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি।

তিনি বলেন, স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। বাংলাদেশকেও এগিয়ে যেতে হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় সুযোগ নিশ্চিত করতে হবে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান বলেন, বিদেশে অর্থ পাচার বন্ধ করা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটাতে পারলে বাংলাদেশ দ্রুত একটি শক্তিশালী উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারে।

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও উন্নয়নের ধারাবাহিকতায় প্রবাসীদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি আদর্শ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সন্তানদের জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সৎ, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে লড়াই করতে হবে। এর কোনো বিকল্প নেই।

‘সৎ ও আদর্শবান নেতৃত্ব আজ খুব প্রয়োজন’

খেলাফত মজলিসের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

তিনি বলেন, সমাজে সৎ ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজন আজ অত্যন্ত বেশি। মুফতি আবুল হাসান এমপির প্রশংসা করে তিনি বলেন, সিলেট-৫ আসনের জনগণ প্রতিনিধি নির্বাচনে ভুল করেনি। তাদের নির্বাচিত প্রতিনিধি আজ সৎ ও আদর্শবান নেতৃত্বের উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন।

দেশের প্রতিটি সংসদীয় আসনে সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে পতিত শেখ হাসিনা সরকারের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শওকত আলী এবং যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীর।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, উলামা মাশায়েখ ইউকের সাবেক সভাপতি শায়েখ মাওলানা মওদুদ হাসান, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদসহ অনেকে।

এ ছাড়া বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান