ছবি:সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও জনগণের প্রত্যাশিত মুক্তি, শান্তি ও সমৃদ্ধি আসেনি। অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ বারবার বুক চিতিয়ে লড়াই করেছে। কিন্তু প্রতিটি পরিবর্তনের পর নতুন নেতৃত্ব ক্ষমতায় এসে পুরোনো ব্যবস্থায় ও পুরোনো নিয়মেই দেশ পরিচালনা করেছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর হতে দেওয়া হবে না।
শুক্রবার (৮ আগস্ট) বাদ এশা নগরীর সুরমা মার্কেটস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নবগঠিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের সামনে একটি নতুন সুযোগ তৈরি করেছিল। সেই সুযোগকে কাজে লাগাতে ইসলামের ভিত্তিতে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই সমঝোতা যখন সম্ভাবনাময় হয়ে উঠেছিল, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ থেকে সরে গিয়ে প্রচলিত পদ্ধতির দিকে ঝুঁকে পড়ে। এর ফলে বাংলাদেশে ইসলামের সম্ভাবনার পাশাপাশি দেশের জনগণ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরের সহসভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মো. বুরহান উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, মাওলানা এ. কে. ফখরুল ইসলাম, আব্দুল জাহের, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী আব্দুল হান্নান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুরুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মকসুদ আলী, সদস্য মো. রফিকুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




