ছবি:সংগৃহীত
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে সিলেটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় নগরীর হোটেল সুপ্রিমে সিলেট জেলা ও মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম ও ক্রীড়াক্ষেত্রে অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক মো. আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, এয়ারপোর্ট থানা বিএনপির সভাপতি আব্দুল কাদির সমছু, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম রাসেল, আহমদ মাসুম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুচিত্র বাবলুসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন।
পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




