ছবি:সংগৃহীত
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মাদ্রাসা বাজারের মেসার্স প্রিয়া ট্রেডার্স থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সিরাজুল ইসলাম স্থানীয় সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি মাদ্রাসা বাজারের মেসার্স প্রিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে বা পরে কোনো একসময় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে সিলিংয়ের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জুমার নামাজের পর স্থানীয় পথচারীরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী রুনা বেগম, ছোট ভাই ময়নুল ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




