ছবি:সংগৃহীত
আগামী ২৫ আগস্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ওইদিন দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এছাড়া সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
রোববার (২৩ আগস্ট) নগরীর নাইওরপুল সংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে সিউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবগঠিত সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, সিলেটকে পরিকল্পিত, সমন্বিত, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই সিউকের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি জানান, নগরীসহ আশপাশের প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকা সিউকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সিলেট মহানগরের ৭৯ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকার সঙ্গে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা নিয়ে এই অধিক্ষেত্র নির্ধারণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩’-এর আওতায় গঠিত সিউক পরিকল্পিত নগরায়ণ, ভূমির যৌক্তিক ব্যবহার, আবাসন, যোগাযোগ ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর আওতায় ভবন নির্মাণ ও অনুমোদন, নতুন আবাসন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, নিম্নআয়ের ও বস্তিবাসী মানুষের আবাসন সমস্যা নিরসন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন প্রকল্প নেওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া বনায়ন, পরিবেশদূষণ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন, এক্সপ্রেসওয়ে, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নালা-খাল-নর্দমার উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।
চেয়ারম্যান জানান, প্রাথমিক পরিকল্পনার মধ্যে রয়েছে সিউকের কার্যক্রম স্থায়ী কার্যালয়ে স্থানান্তর, দুটি জোনাল অফিস স্থাপনের জন্য স্থান নির্বাচন, বিভিন্ন আবাসিক প্রকল্পে ভবন নির্মাণ এবং রাস্তা ও ফুটপাতের পাশে উপযোগী সবুজ বৃক্ষরোপণ। পাশাপাশি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের ব্যবস্থাও করা হবে।
সিলেট সিটি করপোরেশন সংলগ্ন এলাকায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ, কর্তৃপক্ষের আওতাভুক্ত এলাকায় পরিকল্পিত নগরায়ণ ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, সিলেট-আম্বরখানা সড়কসংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন এবং বাদাঘাটে বিদ্যমান রেললাইনসংলগ্ন আবাসিক এলাকার উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের বিষয়ও পরিকল্পনায় রাখা হয়েছে।
সিউকের নথি অনুযায়ী, প্রস্তাবিত ৯৯৫ বর্গকিলোমিটার এলাকার পাহাড়, টিলা, নদী ও খালসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে সিউকের রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এসব পদের যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগযোগ্যতা নির্ধারণ এবং প্রবিধানমালা প্রণয়ন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
এরই মধ্যে স্থায়ী ও আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দ পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অস্থায়ী কার্যালয়ও চালু করা হয়েছে।
সিউকের পক্ষ থেকে জানানো হয়, মাস্টারপ্ল্যান প্রণয়নের পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইমারত নির্মাণ আইন ১৯৫২, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ এবং সিউক আইন ২০২৩ অনুযায়ী প্রকৌশলী, স্থপতি ও কারিগরি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। একই সঙ্গে রিয়েল এস্টেট ডেভেলপারদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।
কার্যক্রম শুরুর পর সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে। আধুনিক নগর পরিকল্পনা বিষয়ে স্থপতি ও ডেভেলপারদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সিলেটকে বাসযোগ্য, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




