ছবি:সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। একই সঙ্গে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে একজন ম্যানেজার, একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে সিলেট সার্কিট হাউসে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কমিটির সদস্য সচিব ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, এখন থেকে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রতিদিন গণনা করা হবে। দানের অর্থ গণনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। তিনি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অথবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হবেন। পাশাপাশি একজন হিসাবরক্ষক ও একজন অফিস সহকারী নিয়োগ দেওয়া হবে।
সভায় দানের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, মাজারের দানের মোট অর্থের ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজের জন্য ব্যাংক হিসাবে জমা রাখা হবে। ওই ব্যাংক হিসাব সিলেটের জেলা প্রশাসক ও মাজারের মোতোয়াল্লির যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।
অবশিষ্ট ৬৫ শতাংশ অর্থ মাজারের দৈনন্দিন ব্যয় এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ব্যয় করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




