ছবি নিজস্ব
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা-বাগানগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পূজার আনন্দ ভাগাভাগি করতে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা চা-বাগানসহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর দুর্গাপূজা উপলক্ষে শিল্পপ্রতিষ্ঠান সায়হাম নিজস্ব তহবিল থেকে চা বাগানসহ ২০৩টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে। দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্কের ধারাবাহিকতায় চা শ্রমিকদের পূজার আনন্দে অংশীদার হতে এ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সরকারি অনুদান বিতরণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
গত কয়েক দিন ধরে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে পূজা উপলক্ষে বিভিন্ন সভা, শুভেচ্ছা বিনিময় ও অনুদান বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। তাঁর ও পরিবারের সার্বিক সহযোগিতায় মাধবপুর ও চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।
চা শ্রমিক নেতা দীপক কর্মকার জানান, চা-বাগানের শ্রমিকেরা প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করেন। এ বছর সরকারি অনুদানের পাশাপাশি সায়হাম কোম্পানি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দিয়েছে। এতে শ্রমিকদের আনন্দ আরও বেড়েছে। এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পূজার উৎসব চলছে।
তেলিয়াপাড়া চা-বাগানের হেমন্ত পান বলেন, পূজা উপলক্ষে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ চা শ্রমিকসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। তাঁরা বাগানে এসে শ্রমিকদের খোঁজখবর নিচ্ছেন। কারও কোনো সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন। এ বছর আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
চা-বাগানগুলোতে পূজাকে কেন্দ্র করে সাজসজ্জা ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিজয়া দশমী পর্যন্ত এ আনন্দ অব্যাহত থাকবে। ধর্মীয় উৎসবকে ঘিরে এমন সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন স্থানীয়রা।
জৈন্তাবার্তা/আরআর




