এআই দিয়ে করা
বাইরে আকর্ষণীয় বিজ্ঞাপন, দামি মোড়কের ছবি আর বড় অঙ্কের মূল্যছাড়ের অফার। কিন্তু দোকানে গিয়ে বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবের মিল পাচ্ছেন না ক্রেতারা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট নগরের জিন্দাবাজারের বারুতখানায় অবস্থিত কাপড়ের দোকান ‘বি বন্ড’কে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা এ জরিমানা করেন। অভিযানে তাঁকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
সিলেটভিউকে দেবানন্দ সিনহা জানান, দোকানটির সাইনবোর্ড ও ব্যানারে দেওয়া বিজ্ঞাপনের সঙ্গে বাস্তবতার অসংগতি পাওয়া গেছে। বিজ্ঞাপনে ৪০ শতাংশ মূল্যছাড়ের কথা উল্লেখ করে ক্রেতাদের দোকানে আকৃষ্ট করা হলেও সেখানে গিয়ে অনেক পণ্যে মাত্র ১০ শতাংশ মূল্যছাড় পাওয়া যায়।
তিনি আরও জানান, বিজ্ঞাপনে পোশাকের জন্য অত্যন্ত দামি মোড়ক বা প্যাকেটের ছবি দেখানো হলেও বাস্তবে ক্রেতাদের তুলনামূলক নিম্নমানের ও সস্তা মোড়কে পোশাক সরবরাহ করা হচ্ছিল। এসব বিষয়কে প্রতারণামূলক কার্যক্রম হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেবানন্দ সিনহা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




