সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভা/রতীয় ম/দ, একটি পিকআপ ভ্যান এবং অন্যান্য চোরাচালানির মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা।
বুধবার (২১ অক্টোবর) বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছারীগাছা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভা/রতীয় ম/দ এবং ১টি পিকআপ ভ্যান জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে ২১ লক্ষ ৬০ হাজার ৫০০ টাকা।
এছাড়া, একই রাতে সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০০ কেজি বাংলাদেশি রসুন এবং পান জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ৩৪ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবির এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মদ ও যানবাহন থানায় হস্তান্তরের এবং অন্যান্য চোরাচালানি মালামাল শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




